ল্যাব রিপোর্টে পাইকগাছার সেই ‘আলোচিত মাংস’ রহস্যের অবসান
উপজেলা প্রতিনিধি (খুলনা):
উপর্যুক্ত বিষয় ও বিবেচ্য পত্রের আলোকে জানানো যাচ্ছে যে, খুলনা জেলার পাইকগাছা পৌরসভায় মাংস রান্নার সময় লাল রং বদলে উজ্জ্বল সবুজ রঙে পরিণত হওয়ার ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খুলনা জেলা কার্যালয় হতে সংগৃহীত কাঁচা ও রান্না করা মাংসের নমুনা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, প্রধান কার্যালয় বরাবর ল্যাবরেটরিতে পরীক্ষার নিমিত্ত প্রেরণ করা হয় ল্যাবরেটরি হতে প্রাপ্ত পরীক্ষা ও বিশ্লেষণ প্রতিবেদনে দেখা গেছে যে, নমুনায় কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা পিগমেন্ট উৎপাদনকারী Pseudomonas-এর উপস্থিতি পাওয়া যায়নি।
একই সাথে মাংসে কোনো পচনশীল দুর্গন্ধ বা আঠালো ভাবও ছিল না, যা নিশ্চিত করে যে এই রঙ পরিবর্তন কোনো ব্যাক্টেরিয়াঘটিত বা পচনের কারণে ঘটেনি। স্পেক্ট্রোফোটোমেট্রিক পরীক্ষার ফলাফল অনুযায়ী, ফ্রিজে দীর্ঘক্ষণ সংরক্ষণ এবং পরবর্তী সময়ে রান্নার সময় উচ্চ তাপের সংস্পর্শে আসার কারণে মাংসের মায়োগ্লোবিন বা হিম-রঞ্জক পদার্থের (Myoglobin/Heme-derived pigments) রাসায়নিক রূপান্তর বা গাঠনিক পরিবর্তনের কারণে সবুজ রঙ ধারণ করেছে বলে ধারণা করা হচ্ছে।
এমতাবস্থায়, জনমনে সৃষ্ট আতঙ্ক দূরীকরণ এবং স্থানীয় প্রশাসনকে বিস্তারিত অবহিতকরণের নিমিত্তে ল্যাবরেটরি হতে প্রাপ্ত প্রতিবেদনের অনুলিপি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এতদসঙ্গে সংযুক্ত করে প্রেরণ করা হলো।