তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতা, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
রুহুল আমিন, তাড়াইল কিশোরগঞ্জ প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মের ১২৭ তম বর্ষ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিসান আলীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৪ মে ২০২৭ সাল পর্যন্ত ‘নজরুল বর্ষ’ঘোষণা করেছে। এর অংশ হিসেবে আগামী ৩১ আগস্ট সকাল ১০টায় দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাড়াইল উপজেলাতেও একই সময়ে আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রস্তুতিমূলক সভায় আগামী ৩১ আগস্ট সোমবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রস্তুতি, অনুষ্ঠানস্থল, শৃঙ্খলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, নজরুলের বিদ্রোহী চেতনা ও মানবতাবাদী আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই বর্ষব্যাপী আয়োজন। সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে তরুণরা নজরুলকে জানবে ও ধারণ করবে। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।