রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

প্রধানমন্ত্রীর সফরে কিশোরগঞ্জে দিনভর উৎসবের আমেজ

অনলাইন ডেস্ক ১৭ August ২০২৬ · Monday · ০৫:২২ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সফরে কিশোরগঞ্জে দিনভর উৎসবের আমেজ

আতাউল হাসান দিনার,কিশোরগঞ্জ প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর ঘিরে রোববার (১৬ আগস্ট) দিনভর জেলার বিভিন্ন স্থানে ছিল উৎসবের আমেজ। জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পাকুন্দিয়া, কটিয়াদী ও কিশোরগঞ্জ সদর উপজেলায় ধারাবাহিক কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।

পোনা অবমুক্তকরণ শেষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় মৎস্যসম্পদের গুরুত্ব ও দেশের উন্নয়ন নিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

দেশের বিদ্যুৎ সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানে আগামী ১০ বছরের একটি পরিকল্পনা জাতীয় সংসদের আগামী অধিবেশনে উপস্থাপন করা হবে।

এ সময় পাকুন্দিয়াবাসীর দীর্ঘদিনের দাবির মুনিয়ারিকান্দি-গফরগাঁও দত্তেরবাজার সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

নারী শিক্ষার প্রসারে অনার্স পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করার পাশাপাশি উপবৃত্তির আওতায় আনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এছাড়া এক কোটি ২০ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার উদ্যোগের  কথাও জানান তিনি।

পাকুন্দিয়ার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী কটিয়াদী উপজেলার উদ্দেশ্যে রওনা হন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন।

কার্প হ্যাচারি পরিদর্শন শেষে দুপুর ১টার দিকে কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

রুপালি মৎস্যের স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে দেশের বিভিন্ন জেলার শ্রেষ্ঠ মৎস্য উদ্যোক্তা, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩টি ক্যাটাগরিতে জাতীয় মৎস্য

স্বর্নপদক প্রদান করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে  এই পদক তুলে দেন।

কটিয়াদীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ শহরের উদ্দেশ্যে রওনা হন। শহরে প্রবেশের সময় জেলখানা মোড়ে তাঁকে স্বাগত জানান হোসেনপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর গাড়িবহর জেলখানা মোড়ে পৌঁছালে হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিনের নেতৃত্বে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী একই রঙের গেঞ্জি পরে সড়কের পাশে অবস্থান নেন। 

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তারা বিভিন্ন স্লোগান ও করতালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ি থেকে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদনের জবাব দেন। এতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

কিশোরগঞ্জ জেলা সার্কিট হাউজে বিকেল ৩টা দিকে সেখানে পৌঁছে কিছু সময় অবস্থান ও বিরতি নেন তিনি। 

বিকেল ৪টার দিকে কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, অন্যান্য অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এ সময় কিশোরগঞ্জের প্রতিবন্ধী আনিসকে সরকারি চাকরির নিয়োগপত্র নিজ হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। নিয়োগপত্র হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আনিস। মুহূর্তটি উপস্থিত সবার মধ্যে আবেগের সৃষ্টি করে। 

জাতীয় মৎস্য পক্ষের অনুষ্ঠান শেষে  সন্ধায় ৬ টার  দিকে প্রধানমন্ত্রী ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উদ্দেশ্যে রওনা হন। সেখানে পৌঁছে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

পরে জাতীয়তাবাদী ছাত্রদল, কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়। ঈদগাহ মাঠের উন্নয়নে ১৭ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা জানানো হয়।

দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর সন্ধা সারে সাতটার দিকে প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জ ত্যাগ করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ