৫০ বছর পর উদ্ধার হলো লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি
লোহাগড়া, নড়াইল প্রতিনিধি:
দীর্ঘ প্রায় ৫০ বছর পর লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নিজস্ব ২৪.১২ শতক সম্পত্তি (জমি) উদ্ধার করে বিদ্যালয়ের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মো :সাজ্জাদ হোসেন শিকদার দায়িত্ব গ্রহণের পরপরই বিদ্যালয়ের শিক্ষার পাশাপাশি সম্পত্তি সংরক্ষণ ও সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ৯০ নং লক্ষীপাশা) মৌজার দাগ নং-১৫৩৪-এর ২৪.১২ শতক জমিটি বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি। দীর্ঘদিন ধরে জমিটি বিদ্যালয়ের কার্যকর নিয়ন্ত্রণের বাইরে ছিল। সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন শিকদার এর উদ্যোগ এ জমিটির মালিকানা ও অবস্থান চিহ্নিত করে তা উদ্ধারের কার্যক্রম গ্রহণ করা হয়।
উদ্ধারকৃত জমিতে এখন বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তির পরিচয় ও জমির বিস্তারিত তথ্যসংবলিত একটি দৃষ্টিনন্দন সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। এতে জমির পরিমাণ, দাগ নম্বর ও মৌজার তথ্য উল্লেখ রয়েছে। এর মাধ্যমে জমিটি বিদ্যালয়ের সম্পত্তি হিসেবে দৃশ্যমানভাবে চিহ্নিত করার পাশাপাশি ভবিষ্যতে অবৈধ দখল বা ব্যবহারের সম্ভাবনাও রোধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি মো: সাজ্জাদ হোসেন শিকদার বলেন, “বিদ্যালয়ের সম্পত্তি রক্ষা করা আমাদের দায়িত্ব। দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণের বাইরে থাকা জমিটি উদ্ধার করে সংরক্ষণের উদ্যোগ নিতে পেরে আমরা সন্তুষ্ট। ভবিষ্যতেও বিদ্যালয়ের সকল সম্পদ রক্ষা ও প্রতিষ্ঠানের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।”
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ কামরুল ইসলাম বলেন,
“দীর্ঘদিন পর বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি উদ্ধার ও সংরক্ষণের উদ্যোগ নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয়। নবনির্বাচিত সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন শিকদারের উদ্যোগে বিদ্যালয়ের জমিটি উদ্ধার করে সেখানে সাইনবোর্ড স্থাপন করায় আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় তাঁর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাই এ ধরনের ইতিবাচক উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করবেন।”
দীর্ঘ দিন পর বিদ্যালয়ের নিজস্ব জমি উদ্ধার ও সেখানে সাইনবোর্ড স্থাপনের ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। তারা সভাপতির উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় এ ধরনের কার্যকর পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।
উল্লেখ্য, লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত। ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পত্তি সংরক্ষণে নতুন সভাপতির এই উদ্যোগকে বিদ্যালয়ের উন্নয়ন ও স্বার্থরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।