কুড়িগ্রামের মধ্য কুমারপুর বাজারের চারমাথায় যানজট প্রতিরোধে প্রশংসনীয় উদ্যোগ
মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ৩ নং ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমারপুর বাজারের চারমাথায় দীর্ঘদিন ধরে অটোরিকশা (অটো) এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকায় প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। এতে পথচারী ও অন্যান্য যানবাহনের চলাচলে চরম দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়। কিছুদিন আগেই এ স্থানে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় একজনের প্রাণহানির ঘটনাও স্থানীয়দের উদ্বেগ আরও বাড়িয়ে তোলে।
এ পরিস্থিতির পরিবর্তনে ভোগডাঙ্গা ইউনিয়নের একজন সচেতন ও সুনাগরিক হাবিবুর রহমান হাবিব নিজের কর্মস্থলের ব্যস্ততা উপেক্ষা করে টানা কয়েকদিন ধরে স্বেচ্ছাসেবী হিসেবে মধ্য কুমারপুর বাজারের চারমাথায় অবস্থান করছেন। সারাদিন তিনি অটোরিকশাগুলোকে চারমাথায় দাঁড়াতে বাধা দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারেন।
তাঁর এই জনস্বার্থমূলক ও মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। স্থানীয়দের দাবি, দুর্ঘটনা এড়াতে এবং বাজার এলাকার শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত মধ্য কুমারপুর বাজারের চারমাথায় স্থায়ীভাবে অটোরিকশা দাঁড়ানো বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।