কুলাউড়ায় বিএনপি নেতার বাড়ি ও মসজিদের বৈদ্যুতিক তার চুরি, আতঙ্কে এলাকাবাসী
মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে বিএনপি নেতা ও লন্ডনপ্রবাসী শরিফুজ্জামান চৌধুরী তপনের বসতবাড়ি ও স্থানীয় মসজিদের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা শরিফুজ্জামান চৌধুরী তপনের বসতবাড়ির বৈদ্যুতিক সংযোগের তার, রাস্তার বাতির তার এবং মসজিদের পুকুরপাড়ে থাকা বৈদ্যুতিক সংযোগের তার চুরি করে নিয়ে যায়। এতে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়েছে।
এলাকাবাসী জানান, সম্প্রতি জয়চণ্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গরু চুরি এবং সিএনজি গাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। এর মধ্যে একটি বাড়ি ও মসজিদের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও আতঙ্ক আরও বেড়েছে।
তাদের দাবি, এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।