উলিপুরে ইউএনও এটিএম আরিফের যোগদানের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি
মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম:
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে এটিএম আরিফ যোগদানের পর থেকে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান হয়ে উঠেছে। প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি, অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত সেবা পরিবেশ নিশ্চিত করায় স্থানীয়দের মাঝে ফিরে এসেছে স্বস্তির নিঃশ্বাস।
যোগদানের পরপরই ইউএনও এটিএম আরিফ উপজেলাকে অপরাধমুক্ত ও মাদকমুক্ত করতে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি ঘোষণা করেন। স্থানীয় থানা পুলিশ ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে তিনি নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং বিভিন্ন সামাজিক অপরাধ দমনে জোরালো পদক্ষেপ নিচ্ছেন। অবৈধ বালু উত্তোলন বন্ধ, ইভটিজিং প্রতিরোধ, ফুটপাত দখলমুক্তকরণ এবং মাদকবিরোধী অভিযানে তাঁর ভূমিকা ইতিমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে।
উপজেলার সাধারণ বাসিন্দা ও ব্যবসায়ীদের মতে, প্রশাসনিক কঠোরতা ও দৃশ্যমান তদারকির কারণে এলাকায় চুরি, ছিনতাই এবং বিশৃঙ্খল পরিবেশ অনেকাংশে কমে এসেছে। এতে সাধারণ মানুষ নির্ভয়ে দৈনন্দিন কাজকর্ম সম্পাদন করতে পারছেন।
এ বিষয়ে ইউএনও এটিএম আরিফ জানান, জনবান্ধব প্রশাসন গড়ে তোলা এবং উপজেলার সাধারণ মানুষের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন এবং সাধারণ জনগণের সহযোগিতা থাকলে অলিপুরকে একটি সম্পূর্ণ নিরাপদ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
ইতিবাচক এই পরিবর্তনের মধ্য দিয়ে প্রশাসনিক অভিভাবক হিসেবে স্থানীয়দের মাঝে দিন দিন আস্থা ও আস্থাভাজন চরিত্র হিসেবে উঠে আসছেন এই কর্মকর্তা।