মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বুটেক্সে প্রথম মাস: যা প্রত্যাশা ছিল, যা পাওয়া গেল

অনলাইন ডেস্ক ২৬ August ২০২৬ · Wednesday · ০২:২১ অপরাহ্ণ
বুটেক্সে প্রথম মাস: যা প্রত্যাশা ছিল, যা পাওয়া গেল

মোঃ হাসিবুর রহমান,বুটেক্স প্রতিনিধি:

সকাল ৮টার ক্লাস। তার কিছুক্ষণ আগেই বিশ্ববিদ্যালয়ের বাস এসে থেমেছে বুটেক্স ক্যাম্পাসে। কারও চোখে ঘুমের রেশ, কেউ দ্রুত পা বাড়াচ্ছেন ক্লাসরুমের দিকে। হঠাৎ শোনা গেল, “আসসালামু আলাইকুম ভাই।” উত্তরটা আসতে দেরি হয় না, “আরেহ, ব্যাচমেট, ব্যাচমেট!” 

মাত্র এক মাস আগেও দৃশ্যটা এমন ছিল না। কে সিনিয়র, কে সহপাঠী, চেনারই সুযোগ হয়নি। এখন সেই অপরিচিত মুখগুলোই ক্যাম্পাস জীবনের নিত্যদিনের সঙ্গী। কারও সঙ্গে বন্ধুত্ব হয়েছে, কেউ হয়ে উঠেছেন বড়ো ভাই-আপু, আবার কারও সঙ্গে চলছে ক্লাস, অ্যাসাইনমেন্ট আর ভবিষ্যৎ নিয়ে আলাপ। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ৫২তম ব্যাচের প্রথম এক মাস যেন এভাবেই কেটে গেছে নতুন মানুষ, নতুন পরিবেশ, প্রত্যাশা, বিস্ময় আর বাস্তবতার মিশেলে।

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ইশরাত জাহান এলিনার কাছে এই সময়টা শুধু নতুন ক্যাম্পাসে মানিয়ে নেওয়ার নয়, নিজেকে নতুন করে আবিষ্কারেরও। প্রথম ক্লাসগুলোতেই পরিচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের নানা নিয়মকানুন ও অ্যাকাডেমিক বাস্তবতার সঙ্গে। তবে তাঁর প্রত্যাশা আরও বড়ো, বুটেক্সে শুধু একজন ইঞ্জিনিয়ার নয়, একজন পরিণত মানুষ হিসেবেও গড়ে উঠতে চান তিনি। নতুন মানুষের সঙ্গে মিশতে, নিজের চিন্তাকে সমৃদ্ধ করতে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে চান।

মাহির আবরারের প্রথম দিনের অভিজ্ঞতায় সবচেয়ে বড়ো বিস্ময়ের ছিল ওরিয়েন্টেশন অনুষ্ঠান। ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এই শিক্ষার্থী কখনো ভাবেননি, নবীনদের বরণ করে নিতে একজন শিক্ষামন্ত্রী উপস্থিত থাকবেন। বিষয়টি তাঁকে একই সঙ্গে আনন্দিত ও গর্বিত করেছিল। কিন্তু এরপর যখন একের পর এক ক্লাস ক্যানসেল হচ্ছিল, তখন মনে হয়েছিল, “এ কোথায় পড়তে আসলাম!” এক মাস পর সেই চিত্র পাল্টে গেছে। এখন পড়ার চাপ এত বেশি যে কোনো ক্লাস ক্যানসেল হলে বরং স্বস্তি লাগে। 

বুটেক্সে আসার আগে তেমন প্রত্যাশাই ছিল না সানজিদা তাবাচ্ছুমের। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের এই শিক্ষার্থী এখন অবশ্য বুটেক্সে পড়ার সুযোগকে নিজের বড়ো অর্জন মনে করছেন। নতুন মানুষ, সংগঠন, ল্যাব, ক্লাস আর বন্ধুদের সঙ্গে মিশতে গিয়ে নিজের মধ্যেই পরিবর্তন দেখছেন তিনি। আগের চেয়ে আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল মনে হচ্ছে নিজেকে। ছোট ক্যাম্পাসে সহজে সবার সঙ্গে মিশে যাওয়াটাও তাঁর কাছে এক ধরনের প্রাপ্তি। শিক্ষকদের ক্লাস, ল্যাব আর বন্ধুদের সঙ্গে আড্ডায় দ্রুতই মানিয়ে নিয়েছেন তিনি।

তবে এক মাসে প্রাপ্তির পাশাপাশি নতুন প্রত্যাশাও তৈরি হয়েছে। ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৌফিকুর রহমান চান, বিভাগীয় অনুষ্ঠান, কেন্দ্রীয় উৎসব, সাংস্কৃতিক আয়োজন, খেলাধুলা ও বিভিন্ন কো-কারিকুলার কার্যক্রমের মাধ্যমে আরও প্রাণবন্ত ক্যাম্পাস। তাঁর মতে, এমন আয়োজন শুধু বিনোদন নয়, এতে সিনিয়র-জুনিয়র সম্পর্কও আরও দৃঢ় হবে।

অন্যদিকে, কিছু অপূর্ণতাও চোখে পড়েছে নবীনদের। অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৌফিক হাসান মিরাজের অভিজ্ঞতায় উঠে এসেছে অ্যাকাডেমিক চাপ, ল্যাবের অপ্রতুল ও অকার্যকর যন্ত্রপাতি, শ্রেণিকক্ষে আধুনিক প্রযুক্তির অভাব এবং শিক্ষকদের পাঠদানের মান নিয়ে অসন্তোষ। রুটিনের বাইরে ক্লাস নেওয়া নিয়েও তাঁর আপত্তি রয়েছে। তাঁর প্রত্যাশা, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে ল্যাব, শ্রেণিকক্ষ ও অন্যান্য অবকাঠামোগত সুবিধার উন্নয়নে বিশ্ববিদ্যালয় আরও গুরুত্ব দেবে।

তবে ক্যাম্পাসের পরিবেশ নিয়ে অভিজ্ঞতা একেবারে নির্ভার নয়। অধিকাংশ সিনিয়র আন্তরিক ও সহযোগিতাপরায়ণ হলেও র‍্যাগিংয়ের কিছু ঘটনা নিয়ে উদ্বেগ রয়েছে। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ছাত্ররাজনীতির উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। নবীনদের প্রত্যাশা, ক্যাম্পাস হবে শান্তিপূর্ণ, নিরাপদ ও রাজনীতিমুক্ত, যেখানে পড়াশোনার পাশাপাশি নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ থাকবে।

মাত্র এক মাসে বুটেক্সকে পুরোপুরি চেনা সম্ভব নয়। তবে এই এক মাসেই ৫২ ব্যাচ বুঝতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় শুধু ক্লাস, পরীক্ষা আর ল্যাব নয়, এটি নিজেকে গড়ে তোলারও সময়। তাই প্রথম মাসের প্রাপ্তি-অপ্রাপ্তি পেরিয়ে তাদের প্রত্যাশা এখন একটাই, আগামী চার বছর যেন বুটেক্স তাদের প্রকৌশলী হওয়ার পাশাপাশি একজন দক্ষ ও পরিণত মানুষ হয়ে ওঠার সুযোগ করে দেয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ