ভাঙ্গুড়ায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতামূলক ওয়ার্কশপ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় জাল নোটের প্রচলন প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় সোনালী ব্যাংক পিএলসি, ভাঙ্গুড়া বাজার শাখার সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর উদ্যোগে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।
বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর যুগ্ম পরিচালক বুলবুল আহমেদ ও সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম রিসোর্স পারসন হিসেবে ওয়ার্কশপ পরিচালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, পাবনা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার আবিদুর রহমান, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ শওকত রেজা, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো. সাকিউল আযম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি, ভাঙ্গুড়া বাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) মো. জাবেদ আলী। সঞ্চালনা করেন একই শাখার প্রিন্সিপাল অফিসার এস এম নুরুল ইসলাম।
ওয়ার্কশপে বক্তারা বলেন, জাল নোটের বিস্তার রোধে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবাইকে নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে সচেতন হতে হবে। আসল নোট চেনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী জলছাপ, খসখসে মুদ্রণ, পরিবর্তনশীল রং ও নিরাপত্তা সুতা সহ বিভিন্ন নিরাপত্তা বৈশিষ্ট্য পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়। এসব বৈশিষ্ট্য খালি চোখে দেখা ও হাতে স্পর্শের মাধ্যমে যাচাই করে জাল নোট শনাক্ত করা সম্ভব বলেও জানান তারা।
রিসোর্স পারসনরা ভিডিও ও মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে বিভিন্ন ধরনের আসল ও জাল নোটের বৈশিষ্ট্য তুলে ধরেন এবং জাল নোট শনাক্ত ও প্রচলন প্রতিরোধে করণীয় সম্পর্কে উপস্থিতিদের বিস্তারিত ধারণা দেন।
ওয়ার্কশপে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, ব্যাংকসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।