রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে আলেম-উলামা’দের হস্তক্ষেপে এ্যাশেজের কনসার্টের অনুমতি বাতিল

অনলাইন ডেস্ক ১৯ August ২০২৬ · Wednesday · ০৩:৪৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে আলেম-উলামা’দের হস্তক্ষেপে এ্যাশেজের কনসার্টের অনুমতি বাতিল

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে ইমাম-উলামা পরিষদের আপত্তির পর  পূর্বনির্ধারিত একটি কনসার্টের অনুমতি বাতিল করেছে জেলা প্রশাসন। বুধবার (১৯ আগস্ট) কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে আলিশান রেস্টুরেন্টের উদ্যোগে কনসার্টটি হওয়ার কথা ছিল।

এতে জনপ্রিয় ব্যান্ড এ্যাশেজ ও সংগীতশিল্পী নোবেল গান পরিবেশন করার কথা ছিল।

স্থানীয় সংস্কৃতিপ্রেমী ও সংগীতপ্রেমীদের মধ্যে অনুষ্ঠানটি ঘিরে আগ্রহ তৈরি হলেও শেষ মুহূর্তে প্রশাসনের অনুমতি বাতিলের সিদ্ধান্তে তা আর অনুষ্ঠিত হয়নি।

জানা গেছে, গত ১৭ আগস্ট কনসার্ট আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। তবে আয়োজকদের দাবি, এর অন্তত ১৫ দিন আগে থেকেই জেলা প্রশাসনের কাছে আবেদনসহ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

পরে ১৮ আগস্ট কনসার্ট বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করে কিশোরগঞ্জ সদর উপজেলা ইমাম-উলামা পরিষদ। সংগঠনটির সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আহমাদুল্লাহ আবেদনটি করেন।

আবেদনে কনসার্টে গান-বাজনার আয়োজনকে শরিয়তবিরোধী উল্লেখ করে অনুষ্ঠান বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে এ ধরনের আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথাও বলা হয়।

সংগঠনটির পক্ষ থেকে বুধবার বিকেলে কনসার্ট বন্ধের দাবিতে বিক্ষোভ-মিছিলের ডাকও দেওয়া হয়েছিল।

বুধবার দুপুরে কনসার্টের অনুমতি বাতিলের বিষয়টি নিশ্চিত করেন মাওলানা আহমাদুল্লাহ। তিনি বলেন, তাদের আবেদনের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে কনসার্টের অনুমতি বাতিল করা হয়েছে।

অন্যদিকে আয়োজক প্রতিষ্ঠান আলিশান রেস্টুরেন্টের মালিক মো. ইব্রাহীম খলিল বলেন, রেস্টুরেন্টের র‍্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ উপলক্ষে কনসার্টটির আয়োজন করা হয়েছিল। জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করার পর তারা অনুষ্ঠান আয়োজনের অনুমতিও পেয়েছিলেন।

তবে বুধবার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে কনসার্ট আয়োজন না করার কথা জানানো হয়।

তিনি আরো বলেন, অনুমতি বাতিলের খবর পাওয়ার পর মঞ্চ ও অন্যান্য সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার দুপুরে পুরাতন স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, শ্রমিকরা মঞ্চের বিভিন্ন সরঞ্জাম খুলে ট্রাকে তুলে নিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে কনসার্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানানো হয়েছে। এ কারণে কনসার্টের অনুমতি বাতিল করা হয়েছে। পাশাপাশি আয়োজক প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় লাইসেন্স নেই বলেও জানান তিনি। তবে শুরুতে কনসার্টের অনুমতি দেওয়া হয়েছিল বলে স্বীকার করেন জেলা প্রশাসক।

এদিকে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স রয়েছে। যথাযথ প্রক্রিয়ায় জেলা প্রশাসনের কাছ থেকেই তারা কনসার্টের অনুমতি নিয়েছিলেন। শেষ মুহূর্তে প্রশাসনের সিদ্ধান্তে অনুমতি বাতিল হওয়ায় তারা অনুষ্ঠানটি বন্ধ করতে বাধ্য হয়েছেন।

এদিকে কনসার্টের অনুমতি বাতিলের ঘটনায় স্থানীয় আলেম উলামা ও তৌহিদী জনতা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে।।

এদিকে কনসার্ট এর অনুমতি বাতিল হওয়ায় স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তাদের মতে, একটি সমাজে ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি সুস্থ সংস্কৃতি, সংগীত ও বিনোদনেরও প্রয়োজন রয়েছে বলে জানান তারা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ