দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন বিএনপি সরকারের লক্ষ্য - প্রধানমন্ত্রী
আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন বিএনপি সরকারের লক্ষ্য। জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার।’
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে বক্তব্যকালে এমনটা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে সরকার। অন্য কোনো দেশের মতো নয়, আমরা বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে চাই।’
নারীদের স্বনির্ভর ও শিক্ষিত হিসেবে গড়ে তোলা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন বিএনপি সরকারের লক্ষ্য। জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার। তবে দেশকে এগিয়ে নিতে হলে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। মানুষকে সঠিকভাবে তৈরি করতে না পারলে দেশকে কাঙ্ক্ষিত স্থানে নেয়া সম্ভব নয়।’
বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অতীত বিবেচনা করে বিভ্রান্তিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আজকে যারা নানা কথা বলে জনগণকে বিভ্রান্ত করেছে, বিগত ১৭ বছরে তারা রাজপথ ছিল না।’
এ সময় যারা এখন সংস্কারের কথা বলে তারা গত ১৭ বছরে কোথায় ছিল বলেও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।
পরে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে সরকারের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এ সময় তিনি শোলাকিয়া ইদগাহ মাঠে জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন,প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন (পুতুল),মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিন উর রশিদ,প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু,বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম,কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাঝহারুল ইসলাম,কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এড.জালাল উদ্দিন,কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এড.ফজলুর রহমান,কেন্দ্রীয় যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এড.আশরাফ জালাল খান মনন,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল সহ দলীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে রোববার দুপুর ২টায় কিশোরগঞ্জের কটিয়াদীতে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেন সরকারপ্রধান।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দীন, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব দেলোয়ার হোসেন ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খালেদ কনক।
এর আগে রোববার বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ ই আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন ও সেখানে মাঠে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় স্হানীয় মৎস্য চাষীদের মধ্যে মাছের পোনা অবমুক্ত করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেন।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমানসহ কিশোরগঞ্জ -২ আসনের সংসদ সদস্য এড.জালাল উদ্দীন সহ উচ্চদস্থ সামরিক-বেসামরিক ও দলীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।