খুলনা চেম্বার নির্বাচনে শেখ আসাদুর রহমানসহ ৪ জন ঋণখেলাপি, বাতিল ৫ প্রার্থিতা
মো: আল-মাহফুজ শাওন, খুলনা :
খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে চারজন প্রার্থীকে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত করে তাদের প্রার্থিতা বাতিল করা হয়। অপর একজন প্রার্থীর মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকায় সেটিও বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে চূড়ান্তভাবে নির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে।
খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বোর্ডের ১২ আগস্ট ২০২৬ তারিখের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্বাচন বোর্ডের প্রকাশিত তালিকা অনুযায়ী বাতিল হওয়া প্রার্থীরা হলেন—
১. শেখ আসাদুর রহমান — প্রতিষ্ঠান: মা বাণিজ্য ভাণ্ডার, ২৪, টেইলার স্ট্রিট রোড, খুলনা। তাকে তার মালিকানাধীন প্রতিষ্ঠান ‘মা বাণিজ্য ভাণ্ডার’-এর ঋণখেলাপি অবস্থার কারণে অযোগ্য ঘোষণা করা হয়।
২. মোঃ নূর ইসলাম — প্রতিষ্ঠান: ইন্টারন্যাশনাল প্রিন্স এক্সপোর্ট প্রা. লি., চর রূপসা (প্রাইমাসের পাশে), বাগমারা, রূপসা, খুলনা। তাকে তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ‘আল-মদিনা ফিশ’-এর ঋণখেলাপি হিসেবে চিহ্নিত করে মনোনয়ন বাতিল করা হয়।
৩. মোঃ ইউসুফ হারুন মজনু — প্রতিষ্ঠান: রাফিদ এন্টারপ্রাইজ, ১৭২, খানজাহান আলী রোড, খুলনা। যাচাইয়ে ব্যক্তিগত দায়দেনার কারণে তাকে ঋণখেলাপি হিসেবে বিবেচনা করে প্রার্থিতা বাতিল করা হয়।
৪. ভি এম মাহাবুবুর রহমান — প্রতিষ্ঠান: নিউ আল আমিন জুয়েলার্স, ৭৬, কেডিএ নিউ মার্কেট, যশোর রোড, খুলনা। ক্রেডিট কার্ড সংক্রান্ত ঋণখেলাপির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
অন্যদিকে, ৫. শেখ শাহরিয়ার আহমেদ — প্রতিষ্ঠান: এস বি অক্সিজেন কর্নার, জিরোপয়েন্ট, জলমা, বটিয়াঘাটা, খুলনা (খুলনা স্টোন লি: এর পাশে)। তার মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকায় সেটি বাতিল করা হয়েছে।
নির্বাচন বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের তথ্য ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাইয়ের ভিত্তিতে চারজন প্রার্থীকে ঋণখেলাপি হিসেবে শনাক্ত করা হয়। একই সঙ্গে একজন প্রার্থীর মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকায় তা গ্রহণযোগ্য হয়নি।
সব মিলিয়ে ৫টি মনোনয়নপত্র বাতিল এবং ৫৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। এখন বৈধ প্রার্থীদের নিয়েই খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে।