যুব সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে: মাওলানা আবদুল জব্বার
মোঃ ইসমাইল হোসেন, (রূপগঞ্জ) নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা যুব বিভাগের উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালির আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশের যুব সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে। যুবকদের সঠিক শিক্ষা, নৈতিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার উপযোগী করে তুলতে হবে।
তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে যেকোনো বড় পরিবর্তন, সামাজিক রূপান্তর এবং উত্থান-পতনে যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একটি দেশের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে সেই দেশের যুবকদের চিন্তা, চরিত্র, দক্ষতা ও দায়িত্বশীলতার ওপর। তাই যুব সমাজকে সঠিক আদর্শ ও নৈতিকতার ভিত্তিতে গড়ে তোলা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।
মাওলানা আবদুল জব্বার আরও বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর দেশের মানুষের প্রত্যাশা ছিল—সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও অনিয়মমুক্ত একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে। জনগণ একটি পরিবর্তনের প্রত্যাশা করেছিল। কিন্তু এখনো সমাজের বিভিন্ন ক্ষেত্রে পুরোনো অনিয়ম ও সমস্যাগুলো বিদ্যমান রয়েছে। এসব সমস্যা দূর করতে যুবকদের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, জুলাই আন্দোলনের প্রত্যাশা পূরণে দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। যুবকদের ইসলামী আদর্শ, নৈতিকতা ও মূল্যবোধের ভিত্তিতে গড়ে তুলতে পারলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথ সুগম হবে।
জেলা যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সাবেক আমীর মমিনুল হক সরকার, ভারপ্রাপ্ত জেলা আমীর মুহাম্মদ মাসুদুর রহমান গিয়াস এবং জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।
বক্তারা যুব সমাজের বিভিন্ন সমস্যা, মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সামাজিক অবক্ষয় দূর করতে নৈতিক ও আদর্শিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তারা দেশের উন্নয়ন ও সমাজের ইতিবাচক পরিবর্তনে যুবকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
পরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কাচপুর এলাকায় একটি র্যালি বের করা হয়। র্যালিতে জেলা যুব বিভাগের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন। র্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।