এসএসসি-২০২৬ জিপিএ-৫ প্রাপ্তিতে তাড়াইলে সেরা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যলয়
রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ):
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ (এ+) প্রাপ্তিতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সেরা হয়েছে তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল বিবরণীতে এ তথ্য পাওয়া গেছে।
ফলাফল অনুযায়ী, তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এ বছর মোট ১৩৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯০ জন পাস করেছে। বিদ্যালয়টির পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ। তবে পাসের হারের দিক থেকে বিদ্যালয়টি শীর্ষে না থাকলেও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় উপজেলার সব বিদ্যালয়কে ছাড়িয়ে গেছে।
জিপিএ-৫ প্রাপ্তির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৩ জন পাস করেছে এবং পাসের হার ৮৬ দশমিক ৩০ শতাংশ।
এছাড়া পুরুড়া উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন,কাজলা উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন এবং সহিলাটি উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। শাহ আবুল হাসেম উচ্চ বিদ্যালয় ও উমেদ আলী ভূইয়া উচ্চ বিদ্যালয় থেকে ১ জন করে,জাওয়ার উচ্চ বিদ্যালয় থেকে ১জন,বানাইল উচ্চ বিদ্যালয় থেকে ১জন,তালজাঙ্গা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয় থেকে ২জন জিপিএ-৫ পেয়েছে শিক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, তাড়াইলের ১৫টি সাধারণ মাধ্যমিক বিদ্যালয়ে মোট ১ হাজার ৭০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৬৫৯ জন পাস করেছে। সামগ্রিক পাসের হার ৬১ দশমিক ৫৯ শতাংশ। এসব বিদ্যালয় থেকে মোট ৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
অন্যদিকে,পাসের হারে উপজেলার সেরা হয়েছে উমেদ আলী ভূইয়া উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫ জন পাস করেছে। পাসের হার ৯৬ দশমিক ১৫ শতাংশ।
এবারের এসএসসি ফলাফলে তাড়াইলের দুই বিদ্যালয় দুই ভিন্ন সূচকে সাফল্যের শীর্ষে রয়েছে পাসের হারে উমেদ আলী ভূইয়া উচ্চ বিদ্যালয় এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।