প্রেমিকের কাছে সহপাঠীদের গোপন ছবি পাঠানোর সেই ঘটনার তদন্ত কমিটির প্রথম বৈঠক
ইবি প্রতিনিধি:
সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ছবি অনুমতি ছাড়া লন্ডন প্রবাসী বয়ফ্রেন্ডের কাছে পাঠানোর সেই ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের ১১৫নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
এসময় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আরিফা আক্তার, সদস্য সচিব অধ্যাপক ড. কামরুজ্জামান ও সদস্য অধ্যাপক ড. খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ব্যাপারে আহ্বায়ক এবং সদস্য সচিবকে একাধিকবার কল দিলেও তারা রিসিভ করেননি।
তবে তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ড. খাইরুল ইসলাম বলেন, আজ আমাদের প্রথম মিটিং অনুষ্ঠিত হয়েছে। আমরা কর্ম পরিকল্পনা করেছি। ১১ আগস্ট অভিযুক্ত ও ভুক্তভোগীর মৌখিক বক্তব্য শুনবো। এরপর নিয়মানুযায়ী সব কাজ শেষে প্রতিবেদন জমা দেব।
প্রসঙ্গত, গত ৬ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের জুলাই-৩৬ হলে তুবাউল জান্নাত ঐশী কর্তৃক সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ছবি লন্ডন প্রবাসী বয়ফ্রেন্ডের কাছে পাঠানোর বিষয়টি প্রকাশ্যে আসলে হলের আবাসিক ছাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরদিন বেলা ১১টায় জরুরি সভায় তাকে হল থেকে সাময়িক বহিষ্কার করে কতৃপক্ষ। একইসঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেয় হল প্রশাসন।