গণঅভ্যুত্থান দিবসে কেসিসির আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মো: আল-মাহফুজ শাওন:
‘জুলাই চেতনায়, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উদ্যোগে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) খুলনা সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার গণমানুষের নেতা ও কেসিসির মাননীয় প্রশাসক জননেতা জনাব নজরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনা জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে যারা জীবন দিয়েছেন ও বিভিন্নভাবে অবদান রেখেছেন, তাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, নতুন প্রজন্মই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও দেশের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার পাশাপাশি তাদের সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে।
অনুষ্ঠানে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের চিত্রকর্মের প্রশংসা করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার ও সনদপত্র তুলে দেন। এ সময় বিজয়ী ও অংশগ্রহণকারী শিশুদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে কেসিসির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।