কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম এবং সরকারি গুরুদয়াল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সিদ্দিক উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিঞা।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং সর্বস্তরের মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, “৫ আগস্ট আমাদের জাতীয় জীবনের একটি ঐতিহাসিক ও স্মরণীয় দিন। এই দিনে ছাত্র-জনতা, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের আত্মত্যাগ এবং বহু তাজা প্রাণের বিনিময়ে দেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।”
তিনি বলেন, “দল-মত নির্বিশেষে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত কিংবা স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের পরিবারগুলোর পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। তাদের সম্মান, সহযোগিতা ও পুনর্বাসন নিশ্চিত করতে পারলেই আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে।”
আলোচনা সভা শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের মধ্যে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।