উদ্ধার অভিযানে গিয়ে প্রা/ণ গেল হাইওয়ে পুলিশ সদস্যের
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
অন্য একটি দুর্ঘটনার উদ্ধারকাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে গেল এক পুলিশ সদস্যের প্রাণ।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের পিকআপ ভ্যানের ওপর ধানছাটানো খোসাবোঝাই একটি ট্রাক উল্টে পড়ে কনস্টেবল পারভেজ মিয়া (৩০) নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত পারভেজ মিয়া ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তাঁর নিজ বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একটি সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে কুলিয়ারচরের দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছালে পুলিশের পিকআপের চাকার হাওয়া কমে যাওয়ায় গাড়িটি রাস্তার পাশে দাঁড় করানো হয়।
ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা ধানের তুষবোঝাই একটি দ্রুতগতির ট্রাক সামনে থাকা আরেকটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি সজোড়ে সড়কের পাশে থাকা পুলিশের গাড়িটির ওপর উল্টে পড়ে। এ সময় পিকআপের ভেতরে বসে থাকা কনস্টেবল পারভেজ মিয়া তুষের বস্তা ও ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস,পুলিশ ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর গাড়ির নিচে চাপা পড়া পারভেজের নিথর দেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।