জনদুর্ভোগ নিরসনে উদ্যোগ: আলীনগরে রাস্তার প্রতিবন্ধকতা সরাতে সম্মত মখই মিয়া
কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১২নং পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর এলাকায় জনদুর্ভোগ নিরসনে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে রাস্তার চলাচলের প্রতিবন্ধকতা সরাতে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন মখই মিয়া।
শুক্রবার (বাদ জুম্মা) আলীনগরস্থ মখই মিয়ার বাড়ির পার্শ্ববর্তী রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করা হয়। স্থানীয় গ্রামবাসীর লিখিত ও মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে রাস্তায় সৃষ্ট সীমানা ও চলাচলের প্রতিবন্ধকতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়।
এ সময় ১২নং পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহমদ উর রহমান খান মুরাদ গ্রামবাসীর দাবির বিষয়টি নিয়ে মখই মিয়ার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। আলোচনার একপর্যায়ে মখই মিয়া বিষয়টি অনুধাবন করে আগামীকালের মধ্যে নিজ দায়িত্বে রাস্তার বাঁশের খুঁটি সরিয়ে নিয়ে পথ চলাচলের উপযোগী করার বিষয়ে সম্মত হন।
পরিদর্শন ও আলোচনাকালে উপস্থিত ছিলেন— ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য তাহির আলী মেম্বার, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালিক, বটরতল জামে মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। তারা আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে এলাকার অন্যান্য সমস্যারও সমাধান সম্ভব হবে।