রোহিঙ্গা পর্যবেক্ষণে কক্সবাজারে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে কক্সবাজারে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে প্রতিনিধি দলটি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায়। সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের জীবনযাপন, মানবিক পরিস্থিতি এবং তাদের জন্য চলমান সহায়তা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়ার কথা রয়েছে প্রতিনিধি দলটির।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছান সার্জিও গোর। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুরু থেকেই ইতিবাচক রয়েছে এবং সময়ের সঙ্গে তা আরও শক্তিশালী হচ্ছে। বৈঠকে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা আরও বাড়ানোর অনুরোধও জানানো হয়েছে।
সরকারি সূত্র জানায়, শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সার্জিও গোর। এ সাক্ষাতের মধ্য দিয়ে তার তিন দিনের বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা রয়েছে।