সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মনিরামপুরে জামায়াত নেতার ওপর শোরুমে ঢুকে হামলার অভিযোগ, গ্রেপ্তারের দাবি

অনলাইন ডেস্ক ২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪১ অপরাহ্ণ
মনিরামপুরে জামায়াত নেতার ওপর শোরুমে ঢুকে হামলার অভিযোগ, গ্রেপ্তারের দাবি

মনিরামপুর (যশোর) প্রতিনিধি: 

যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের যুব বিভাগের সেক্রেটারি গাজী এনামুল ইসলামের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। রবিবার জোহরের আজানের সময় রাজগঞ্জ বাজারে অবস্থিত তাঁর শোরুমে কয়েকজন দুর্বৃত্ত প্রবেশ করে এলোপাতাড়ি মারধর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শী ও স্বজনরা।

হামলার পর স্থানীয়দের সহযোগিতায় আহত গাজী এনামুলকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীর পরিবারের সদস্য ও স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুকে মেনশন করে করা একটি মন্তব্যকে কেন্দ্র করেই এ ঘটনার সূত্রপাত। তাদের দাবি, ওই মন্তব্যটি পরবর্তীতে আসাদুজ্জামান মিন্টুর ব্যবহৃত একটি ফেসবুক প্রোফাইল থেকেও শেয়ার করা হয়। এছাড়া সাম্প্রতিক এক জনসভায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উদ্দেশে আপত্তিকর ও হুমকিমূলক বক্তব্য দেওয়া হয়েছিল বলেও তারা অভিযোগ করেন। তাদের ধারণা, এসব ঘটনার ধারাবাহিকতায় গাজী এনামুলের ওপর হামলার ঘটনা ঘটেছে।

তবে এ বিষয়ে আসাদুজ্জামান মিন্টু বা সংশ্লিষ্ট বিএনপি নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, গাজী এনামুল এলাকায় একজন সৎ, শান্ত-স্বভাবের ও নিরীহ মানুষ হিসেবে পরিচিত। তাঁর ওপর এ ধরনের হামলার ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং এর তীব্র নিন্দা জানিয়েছেন।

এলাকাবাসী অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে লক্ষ্যে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন