রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে গেল খেলাফত মজলিস

অনলাইন ডেস্ক ২৫ July ২০২৬ · Saturday · ০৬:২০ অপরাহ্ণ
১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে গেল খেলাফত মজলিস

মো: আল-মাহফুজ শাওন:

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের মজলিসে শূরা সদস্যদের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলটির নেতারা জানান, ১১ দলীয় ঐক্য মূলত একটি নির্বাচনী সমঝোতার ভিত্তিতে গঠিত হয়েছিল। নির্বাচন শেষ হওয়ার মধ্য দিয়ে এ ঐক্যের কার্যকারিতা কার্যত শেষ হয়ে গেছে। তবে নির্বাচন-পরবর্তী সময়ে ১১ দলীয় ঐক্যের কয়েকটি কর্মসূচিতে খেলাফত মজলিস অংশগ্রহণ করলেও এখন থেকে ঐক্যের যাবতীয় কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের প্রয়োজনে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান দলের নেতারা। একই সঙ্গে জাতীয় সংসদে খেলাফত মজলিসের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বিরোধী দলীয় ভূমিকা পালন করবেন বলে বৈঠকে জানানো হয়।

দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের সঞ্চালনায় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে দলের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, মুফতি আবদুল হামিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, মুফতি আবুল হাসানসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সরকারের সমালোচনা বৈঠকে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন খেলাফত মজলিসের নেতারা। তারা অভিযোগ করেন, জুলাই জাতীয় সনদ ও গণভোটের পূর্ণাঙ্গ রায়কে পাশ কাটিয়ে সরকার সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করেছে। তাদের দাবি, গণরায়কে উপেক্ষা করে নিজস্ব প্রক্রিয়ায় সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

নেতারা বলেন, জনগণ এমন সংবিধান সংস্কার চায়, যার মাধ্যমে স্বৈরাচার ও ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার সব পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠন অত্যন্ত জরুরি।

তারা আরও বলেন, গণভোটের রায়কে পাশ কাটানোর কোনো চেষ্টা করা হলে সরকার রাজনৈতিকভাবে বিপদের মুখে পড়বে। জনরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এ ছাড়া জুলাই ও শাপলা গণহত্যাসহ ফ্যাসিবাদী অপশক্তির বিচার প্রক্রিয়া দ্রুততর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান খেলাফত মজলিসের নেতারা।

দলটির পক্ষ থেকে বলা হয়, ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে গেলেও দেশ, জাতি ও ইসলামের বৃহত্তর স্বার্থে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তির সঙ্গে বৃহত্তর ঐক্য গঠনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ