একই মাঠে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা
কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নে একই মাঠে বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
জানা গেছে, আজ শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টায় পিরিজপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি মনোনীত পরাজীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদার অনুসারীদের উদ্যোগে পিরিজপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশকে সামনে রেখে গতকাল শুক্রবার পিরিজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এক আলোচনা সভায় উপজেলা বিএনপির বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বক্তব্য দেন। বক্তব্যে তিনি সৈয়দ এহসানুল হুদাকে উদ্দেশ্য করে বিভিন্ন রাজনৈতিক মন্তব্য করেন। তিনি দাবি করেন, পিরিজপুরে যে নেতৃত্বে কর্মী সমাবেশ আয়োজন করা হচ্ছে, তিনি বিএনপির কোনো পর্যায়ের নেতা নন। এছাড়া তিনি বলেন, দলীয় মনোনয়ন পেয়েও তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ মুজিবুর রহমান ইকবালের কাছে পরাজিত হয়েছেন।
ওই আলোচনা সভা থেকেই একই দিন বিকেল ৪টায় পিরিজপুর উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভার ঘোষণা দেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালের অনুসারীরা।
পাল্টা কর্মসূচির বিষয়ে জানতে চাইলে পিরিজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল আলম মুঠোফোনে বলেন, “কর্মী সমাবেশ করার তাদের কোনো এখতিয়ার নেই। তারা কর্মী সমাবেশ করার চেষ্টা করলে আমরা প্রতিহত করব। তবে তারেক রহমানের আগমন উপলক্ষে কোনো কর্মসূচি হলে সেটি ভিন্ন বিষয়। সে ধরনের কর্মসূচি সবাই করতে পারে। কিন্তু কর্মী সমাবেশ করতে আমরা দেব না।”
অন্যদিকে কর্মী সমাবেশের বিষয়ে জানতে চাইলে বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলম মুঠোফোনে বলেন, “আমাদের কর্মসূচি পূর্বনির্ধারিত। আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে। তিনি সড়কপথে আসবেন, তাই তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে আজকের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।”
পাল্টা কর্মসূচির বিষয়ে তিনি আরও বলেন, “বিষয়টি উপজেলা প্রশাসন ও থানার ওসিকে অবহিত করা হয়েছে। আমাদের কর্মসূচি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।”
এ বিষয়ে পিরিজপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ মিয়া মুঠোফোনে বলেন, “আমাদের কর্মসূচি অনেক আগে থেকেই নির্ধারিত ছিল। তাদের পাল্টা কর্মসূচির উদ্দেশ্য পায়ে পাড়া দিয়ে ঝগড়া সৃষ্টি করা।”
তবে এ অভিযোগের বিষয়ে শেখ মুজিবুর রহমান ইকবালের অনুসারীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়ে জানতে চাইলে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহিদুল্লাহ মুঠোফোনে বলেন, “বিষয়টি নিয়ে আমরা চিন্তিত। দুই পক্ষের সঙ্গেই কথা বলার চেষ্টা করেছি। যারা পরে কর্মসূচি ঘোষণা করেছেন, তারা আমাদের জানিয়েছেন কোনো ধরনের ঝামেলা হবে না। তারা আলাদা জায়গায় কর্মসূচি পালন করবেন।
একই মাঠে দুই পক্ষের পৃথক কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।