সুবিধাবঞ্চিত শিশুদের প্রজনন স্বাস্থ্য ও যৌন সচেতনতায় লিডোর বিশেষ সেশন
মাসুদ মাহাতাব,ঢাকা:
সুবিধাবঞ্চিত ও পথশিশুদের প্রজনন স্বাস্থ্য, বয়ঃসন্ধিকালীন পরিবর্তন এবং যৌন সচেতনতা বিষয়ে সচেতন করে তুলতে রাজধানীর কদমতলীর ইস্পাহানি ঘাট এলাকায় বিশেষ সচেতনতামূলক সেশনের আয়োজন করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো)।
সোমবার বিকেলে অনুষ্ঠিত এই সেশনে ৪০ জন সুবিধাবঞ্চিত ও পথশিশু অংশগ্রহণ করে। সেশনটি পরিচালনা করেন সংস্থার সাইকোসোশ্যাল কাউন্সিলর, কারিগরি প্রশিক্ষক ও সোশ্যাল মবিলাইজাররা।
আয়োজকরা জানান, পরিবার ও সামাজিক দিকনির্দেশনার বাইরে বেড়ে ওঠা অনেক পথশিশু প্রজনন স্বাস্থ্য, বয়ঃসন্ধিকালীন পরিবর্তন এবং যৌন সহিংসতা সম্পর্কে সঠিক তথ্য থেকে বঞ্চিত থাকে। ফলে তারা নানা ধরনের ঝুঁকি ও বিভ্রান্তির মুখোমুখি হয়। এ বাস্তবতা বিবেচনায় শিশুদের বয়সোপযোগী ও বৈজ্ঞানিক তথ্য প্রদান এবং আত্মরক্ষার কৌশল শেখানোর লক্ষ্যেই এই বিশেষ সেশনের আয়োজন করা হয়।
সেশনে নিরাপদ ও অনিরাপদ স্পর্শের পার্থক্য, ব্যক্তিগত নিরাপত্তা, আত্মসম্মানবোধ, যৌন নির্যাতন প্রতিরোধ এবং প্রয়োজন হলে কোথায় ও কীভাবে সহায়তা চাইতে হবে—এসব বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনা করা হয়। পাশাপাশি শিশুদের নিজেদের অধিকার সম্পর্কেও সচেতন করা হয়। সেশন শেষে অংশগ্রহণকারী শিশুদের মাঝে রিফ্রেশমেন্ট বিতরণ করা হয়।
লিডোর প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফারহানা আক্তার বলেন, “এ ধরনের সংবেদনশীল বিষয়ে শুরুতে শিশুদের মধ্যে কিছুটা সংকোচ থাকলেও আলোচনার একপর্যায়ে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। সেশন শেষে তারা বুঝতে পেরেছে, কোনো ধরনের নির্যাতন বা হয়রানির শিকার হলে বিষয়টি গোপন না রেখে বিশ্বস্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো কতটা গুরুত্বপূর্ণ।”
সংশ্লিষ্টদের আশা, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম সুবিধাবঞ্চিত শিশুদের যৌন সহিংসতা, নির্যাতন ও বিভিন্ন ঝুঁকি থেকে সুরক্ষিত থাকতে সহায়ক হবে এবং তাদের মধ্যে ইতিবাচক আচরণগত পরিবর্তন গড়ে তুলবে।