মণিরামপুরের ১০ মসজিদের উন্নয়নে ৩০ লাখ টাকার সরকারি বরাদ্দ
মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মণিরামপুর উপজেলার ১০টি মসজিদের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারকাজের জন্য মোট ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন ‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2)’ প্রকল্পের আওতায় এ বরাদ্দ প্রদান করা হয়।
রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে বরাদ্দের অনুমোদনপত্র তুলে দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের আওতায় নির্বাচিত প্রতিটি মসজিদের জন্য ৩ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। এতে মোট ১০টি মসজিদের উন্নয়নকাজে ৩০ লাখ টাকা ব্যয় করা হবে। বরাদ্দের অর্থ মসজিদগুলোর প্রয়োজনীয় সংস্কার, অবকাঠামো উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে ব্যবহার করা হবে।
বরাদ্দপ্রাপ্ত মসজিদগুলো হলো— মণিরামপুর পৌরসভার মণিরামপুর কেন্দ্রীয় জামে মসজিদ, রোহিতা ইউনিয়নের বড় সালাতপুর জামে মসজিদ ও পল্লী পশ্চিমপাড়া জামে মসজিদ, কাশিমপুর ইউনিয়নের লেবুগাতী গোয়ালপাড়া মোড় জামে মসজিদ, ভোজগাতী ইউনিয়নের ভোজগাতী বায়তুল আমান জামে মসজিদ, ঢাকুরিয়া ইউনিয়নের করেরাইল বাইতুল মামুন জামে মসজিদ, মণিরামপুর ইউনিয়নের জালঝাড়া মাদ্রাসা মসজিদ, খেদাপাড়া ইউনিয়নের খড়িঞ্চি দক্ষিণপাড়া জামে মসজিদ, মশ্বিমনগর ইউনিয়নের পারখাজুরা বায়তুল মামুন জামে মসজিদ এবং দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাটবিলা পশ্চিমপাড়া জামে মসজিদ।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফজলুল হক, বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা বলেন, সরকারি এ সহায়তা মসজিদগুলোর প্রয়োজনীয় উন্নয়নকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি ও মুসল্লিদের জন্য আরও উন্নত পরিবেশ নিশ্চিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।