মহানগরী খুলনার ৩০ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ওয়ার্ড প্রশাসকের উদ্যোগ
মো: আল-মাহফুজ শাওন :
খুলনা মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ডে নাগরিক সেবা নিশ্চিত করতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং পরিবেশ রক্ষায় নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ওয়ার্ড প্রশাসক **মারুফ রশিদের** নেতৃত্বে চলমান এসব কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
ওয়ার্ডজুড়ে নিয়মিত ড্রেন পরিষ্কার, জমে থাকা ময়লা-আবর্জনা ও বর্জ্য অপসারণের কাজ চলছে। পাশাপাশি পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে ড্রেনের প্রতিবন্ধকতা দূর করা হচ্ছে, যাতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমে এবং সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি না হয়।
এছাড়াও বিভিন্ন সড়কের পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকা অপ্রয়োজনীয় বর্জ্য অপসারণ করা হচ্ছে। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মীরা নিয়মিত তদারকি করছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।
ওয়ার্ড প্রশাসক মারুফ রশিদ বলেন, নাগরিকদের জন্য একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বসবাসযোগ্য পরিবেশ গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব নয়। এ জন্য স্থানীয় বাসিন্দাদেরও সচেতন হতে হবে। বিশেষ করে রাস্তায় ও ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত ওয়ার্ড গড়ে তোলা সম্ভব।
স্থানীয়রা জানান, চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমের ফলে পরিবেশের উন্নতি হচ্ছে এবং ড্রেন পরিষ্কার থাকায় পানি নিষ্কাশনও আগের তুলনায় স্বাভাবিক হচ্ছে। তারা এ ধরনের কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানান।