নাটোরে মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর
নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় রেললাইনের ওপর বসে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মধু (৪০) নামে এক গরু ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার মালঞ্চি রেলস্টেশন ও মালঞ্চি বাজার লেভেল ক্রসিংয়ের মাঝামাঝি গরুর হাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মধু পাশ্ববর্তী লালপুর উপজেলার আব্দুলপুর পশ্চিমপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গরু কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং স্থানীয়ভাবে পরিচিত একজন ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, লালমণিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমণি এক্সপ্রেস মালঞ্চি রেলস্টেশন অতিক্রম করার সময় মধু রেললাইনের ওপর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় দ্রুতগতিতে ছুটে আসা ট্রেনটি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় মোঃ ফজলুল হক জানান, অসাবধানতা এবং রেললাইন ব্যবহার সম্পর্কে সচেতনতার অভাবের কারণেই এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। রেললাইন চলাচলের জন্য নির্ধারিত এলাকা হওয়ায় সেখানে বসে থাকা বা মোবাইলে কথা বলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এ বিষয়ে শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
এ দুর্ঘটনার পর নিহতের পরিবারে শোকের মাতম বিরাজ করছে। স্থানীয়রা রেললাইনের আশপাশে চলাচলের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।