বয়স্ক বনাম যুবকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
জামাল উদ্দিন, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাহাটি ইউনিয়নের কামালিয়াচর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ১নং ওয়ার্ডের উদ্যোগে বয়স্ক ও যুবকদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ খেলায় সাদা দাড়ি (বয়স্ক) দল ও কালো দাড়ি (যুবক) দল মুখোমুখি হয়। সাদা দলের অধিনায়ক ছিলেন মো. হারুনুর রশিদ পর্দানী এবং কালো দলের অধিনায়ক ছিলেন মো. শাহজাহান মিয়া।
ইয়াকুব সুমনের সভাপতিত্বে ও মো. আমিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি লুৎফুল হক টিটু, জেলা বিএনপির মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম। খেলার সার্বিক পরিচালনায় ছিলেন আমিনুল ইসলাম।
রোমাঞ্চকর এ ম্যাচটি ৩-৩ গোলের সমতায় শেষ হয়। মাঠে উপস্থিত হাজারো দর্শক উচ্ছ্বাসের সঙ্গে খেলাটি উপভোগ করেন। ম্যাচ পরিচালনা করেন রেফারি কাচ্ছন মিয়া।
খেলায় প্রথম পুরস্কার হিসেবে একটি ষাঁড় গরু এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি খাসি রাখা হয়।
সভাপতির বক্তব্যে ইয়াকুব সুমন বলেন, সাদা দাড়ির বয়স্ক ও কালো দাড়ির যুবকদের নিয়ে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজনের মূল উদ্দেশ্য হলো এলাকার মানুষের মধ্যে আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি করা, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করা। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।