সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে ২৬ লাখ টাকার গাঁজা, গবাদিপশু ও চোরাচালানি পণ্য জব্দ বিজিবির

অনলাইন ডেস্ক ২৫ June ২০২৬ · Thursday · ০৪:৪৮ অপরাহ্ণ
কুড়িগ্রাম সীমান্তে ২৬ লাখ টাকার গাঁজা, গবাদিপশু ও চোরাচালানি পণ্য জব্দ বিজিবির

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য অর্জন করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। গত ৪৮ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযান ও নিয়মিত টহল কার্যক্রমে ৫৩ কেজি ভারতীয় গাঁজা, ৫৫টি গবাদিপশু এবং বিপুল পরিমাণ কসমেটিকসসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য প্রায় ২৬ লাখ ৬৫ হাজার ১০০ টাকা। সীমান্তে সর্বোচ্চ পেশাদারিত্ব, দক্ষতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে এসব চোরাচালানি পণ্য আটক করতে সক্ষম হয়েছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ কার্যক্রম দমনে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সীমান্তে পুশইন প্রতিরোধসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

এ লক্ষ্যে সীমান্তবর্তী সকল বিওপি থেকে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল, নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সীমান্তে অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন