সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কোকো স্মৃতি সংসদের সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক ২৫ June ২০২৬ · Thursday · ০২:২২ পূর্বাহ্ণ
কোকো স্মৃতি সংসদের সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

মো: আল-মাহফুজ শাওন :

 আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে খুলনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ভবিষ্যতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর শাখার সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি। তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেনের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁর ব্যক্তিগত ও সাংগঠনিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এসব অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

সভায় বক্তারা জানান, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় খুলনা নগরীর নিরালা মোড় এলাকা থেকে ভাঙারি মালামাল বোঝাই একটি মিনি পিকআপ লুটের ঘটনা ঘটে। পরবর্তীতে মো. আরিফ হোসেনের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা সম্মিলিত প্রচেষ্টায় পিকআপটি উদ্ধার করে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তরে ভূমিকা রাখেন। কিন্তু বর্তমানে একটি চক্র ওই ঘটনার সঙ্গে তাঁকে জড়িয়ে পিকআপ ছিনতাইয়ের অভিযোগ ছড়ানোর মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।

বক্তারা আরও বলেন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও সামাজিক কার্যক্রমে সংগঠনের সক্রিয় ভূমিকা কিছু মহলের স্বার্থে আঘাত হানায় তারা সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার জন্য অপপ্রচারের পথ বেছে নিয়েছে। এ ধরনের অপতৎপরতা অব্যাহত থাকলে সংগঠনটি রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

প্রতিবাদ সভায় উপস্থিত নেতারা অবিলম্বে অপপ্রচারকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর দপ্তর সম্পাদক মো. মেহেদি হাসান নাঈম, প্রচার সম্পাদক মো. রুবেল হোসেন, জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুম বিল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভা শেষে নেতৃবৃন্দ বলেন, সত্যকে আড়াল করে মিথ্যার আশ্রয়ে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। সংগঠনের সুনাম ক্ষুণ্নের অপচেষ্টার বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন এবং প্রয়োজন হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন