পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন
সোনারগাঁও প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঐতিহ্যবাহী পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে নবনির্মিত ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়েছে। পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ড. আ ন ম এহছানুল হক মিলন (এম.পি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব এ বি এম আশরাফ উদ্দিন নিজান (এম.পি), নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান (এম.পি), নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
ভবনটি নির্মাণে অর্থায়ন ও পৃষ্ঠপোষকতা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি, পনম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বাবু অমল পোদ্দার।
সোনারগাঁও উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আসিফ আল জিনাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব হাজী মোঃ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ কামরুজ্জামান ভূঁইয়া মাসুম এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব মোঃ খাইরুল ইসলাম সজীব। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ড. নুসরাত ফাতেমা।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, "শিক্ষা ব্যবস্থায় নকল আর কোনোভাবেই বরদাশত করা হবে না। শিক্ষার্থীদের এখন থেকে ভালো করে পড়াশোনা করতে হবে। লেখাপড়াকে আনন্দময় করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।" এ সময় তিনি এক বড় ঘোষণা দিয়ে বলেন, “প্রেসিডেন্ট জনাব তারেক রহমানের নির্দেশনায় আগামী মাসের মধ্যে সারা দেশের সাড়ে চার লক্ষ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস (শার্ট-প্যান্ট, জামা, সালোয়ার-কামিজ), জুতা ও স্কুল ব্যাগ বিতরণ করা হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় হুইপ জনাব এ বি এম আশরাফ উদ্দিন নিজান (এম.পি) বলেন, "বিএনপি সরকার সবসময় দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে।" বিরোধী দলের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের সময় দিন, আমরা জাতিকে একটি সুন্দর দেশ উপহার দেব। আপনারা আন্দোলন না করে আমাদের কাজে সহযোগিতা করুন। আসুন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর দেশ গড়ে তুলি।”
নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান (এম.পি) তাঁর বক্তব্যে সোনারগাঁওয়ে একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ার দাবি তুলে ধরে বলেন, “সোনারগাঁওয়ে উচ্চশিক্ষার প্রসারে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আমি এশিয়ান হাইওয়ের পাশে নিজস্ব ১০০ বিঘা জমি দান করার ঘোষণা দিচ্ছি।”
নারায়ণগঞ্জের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "মাদক নির্মূল করতে হলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। নিজেদের সন্তান ও ভাই-বোনদের গতিবিধির ওপর নজর রাখতে হবে।" তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলেন, “কিশোর গ্যাং ও মাদক থেকে সন্তানদের দূরে রাখতে হলে তাদের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিতে হবে, কিশোরদের হাতে মোবাইল দেওয়া যাবে না। তারা যেন রাতে অকারণে বাসার বাইরে না যায়, সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে। তবেই সমাজ থেকে মাদক ও কিশোর গ্যাং নির্মূল করা সম্ভব।”
ভবনটির দাতা ও পৃষ্ঠপোষক বাবু অমল পোদ্দার তাঁর আবেগঘন বক্তব্যে বলেন, “এই পঞ্চমীঘাট আমার জন্মস্থান। এই স্কুলের জন্য সর্বপ্রথম আমার দাদাই জমি দান করেছিলেন। এই স্কুলেই এক সময় আমি ২০ টাকা পরীক্ষার ফি সময়মতো দিতে পারিনি। আজ ঈশ্বরের কৃপায় সেই ২০ টাকার ঋণ শোধ করার চেষ্টা করলাম। আমার বাবার স্মৃতি রক্ষার্থে এবং এলাকার সন্তানদের সুন্দর পরিবেশে পড়াশোনার জন্য চার তলা বিশিষ্ট এই 'বিশ্বেশ্বর পোদ্দার ভবন' আমি উৎসর্গ করলাম।”
অনুষ্ঠানের সভাপতি ও অন্যান্য বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে বাবু অমল পোদ্দারের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।