রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বর্জ্যের তথ্য দিলেই এক ঘণ্টার মধ্যে অপসারণ: খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরবাসীর প্রশংসা

অনলাইন ডেস্ক ১১ June ২০২৬ · Thursday · ১২:০৫ অপরাহ্ণ
বর্জ্যের তথ্য দিলেই এক ঘণ্টার মধ্যে অপসারণ: খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরবাসীর প্রশংসা

 

মোঃ আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনা নগরীকে আরও পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। নগরীর যেকোনো স্থানে বর্জ্য বা ময়লার স্তূপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে সিটি কর্পোরেশনকে তথ্য দেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

কেসিসি সূত্রে জানা গেছে, নাগরিকদের কাছ থেকে তথ্য পাওয়ার পর সর্বোচ্চ এক ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট বর্জ্য অপসারণের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব নুরুল ইসলাম মঞ্জু।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। তাদের মতে, দ্রুত বর্জ্য অপসারণের এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে নগরীর পরিচ্ছন্নতা আরও বৃদ্ধি পাবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নগরবাসীর অনেকেই বলেন, প্রশাসক নুরুল ইসলাম মঞ্জু দায়িত্ব গ্রহণের পর থেকে নগর উন্নয়ন, পরিচ্ছন্নতা, নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিটি কাজে তার নিবিড় তদারকি ও সময়মতো বাস্তবায়নের মনোভাব সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

সচেতন নাগরিকরা জানান, নগরীর বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে প্রশাসকের আন্তরিকতা ও কর্মতৎপরতা দৃশ্যমান। নতুন নতুন নাগরিক সুবিধা চালু, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনবান্ধব বিভিন্ন উদ্যোগ গ্রহণের কারণে নগরবাসীর আস্থা অর্জন করেছেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, নগরবাসীর কল্যাণে নিরলস ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে খুলনাকে একটি আধুনিক নগরীতে রূপান্তরের চেষ্টা চালিয়ে যাচ্ছেন নুরুল ইসলাম মঞ্জু। এজন্য অনেক নাগরিক তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও নগর উন্নয়নে তার নেতৃত্ব অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে কেসিসি বলেছে, নগরীর যেকোনো স্থানে বর্জ্য বা অপরিচ্ছন্ন পরিবেশ দেখা গেলে দ্রুত সিটি কর্পোরেশনকে অবহিত করতে হবে। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও প্রশাসনের দ্রুত পদক্ষেপের সমন্বয়েই গড়ে উঠবে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য খুলনা।

"আপনার একটি তথ্যই পারে নগরীর পরিবেশ রক্ষা করতে। বর্জ্য দেখলেই জানান, দ্রুত ব্যবস্থা নেবে খুলনা সিটি কর্পোরেশন"—এমন বার্তাই এখন ছড়িয়ে দেওয়া হচ্ছে নগরজুড়ে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন