কেএমপির বিশেষ যৌথ অভিযানে ২৩ জন গ্রেফতার, আটক শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী
খুলনা মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেএমপির উত্তর ও দক্ষিণ বিভাগ এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
কেএমপি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে খুলনা থানা থেকে ২ জন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে ৪ জন, লবণচরা থানা থেকে ৪ জন, হরিণটানা থানা থেকে ১ জন, খালিশপুর থানা থেকে ২ জন, দৌলতপুর থানা থেকে ২ জন, আড়ংঘাটা থানা থেকে ৭ জন এবং খানজাহান আলী থানা থেকে ১ জনকে আটক করা হয়।
অভিযানে খুলনা সদর থানা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও আশিক গ্রুপের সক্রিয় সদস্য, চাঁদাবাজি ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি মো. লেলিন হাওলাদার (৩৪), মো. হোসেন মুন্সি (২৪), নয়ন (২২) এবং হাফিজুল ওরফে সোহেল (৪০) গ্রেফতার হয়। এছাড়া কথিত ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য ও মাদক ব্যবসায়ী রাসেল এবং মাদক কারবারি মিজানকেও আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টার অভিযানের তথ্য অনুযায়ী, ৮ জুন সন্ধ্যা ৬টা থেকে ৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে মোট ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে খুলনা থানা থেকে ৯ জন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে ১৩ জন, লবণচরা থানা থেকে ৮ জন, হরিণটানা থানা থেকে ৩ জন, খালিশপুর থানা থেকে ৬ জন, দৌলতপুর থানা থেকে ৪ জন, আড়ংঘাটা থানা থেকে ৯ জন, খানজাহান আলী থানা থেকে ৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ২ জনকে গ্রেফতার করে।
কেএমপি জানিয়েছে, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।