বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনায় রেলওয়ের ৭৬ একর জমি অবৈধ দখলে, থামছে না স্থাপনা নির্মাণ

অনলাইন ডেস্ক ০৯ June ২০২৬ · Tuesday · ০২:৪৬ অপরাহ্ণ
খুলনায় রেলওয়ের ৭৬ একর জমি অবৈধ দখলে, থামছে না স্থাপনা নির্মাণ

 

 

খুলনায় বাংলাদেশ রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের প্রবণতা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। নগরীর বড় বাজার, কদমতলা, ৪, ৫ ও ৬ নম্বর ঘাট, জোড়াগেট থেকে দৌলতপুর পর্যন্ত রেললাইনের দুই পাশজুড়ে একের পর এক অবৈধ স্থাপনা গড়ে উঠছে। রেলওয়ের তথ্য অনুযায়ী, খুলনা ১৮ নম্বর কাছারির আওতাধীন অন্তত ৭৬ দশমিক ০৫ একর জমি বর্তমানে অবৈধ দখলে রয়েছে, যেখানে প্রায় দুই শতাধিক স্থাপনা নির্মাণ করা হয়েছে। রাজনৈতিক প্রভাবশালীদের সম্পৃক্ততার অভিযোগ থাকায় এসব জমি উদ্ধার কার্যক্রমও বারবার বাধাগ্রস্ত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতাধীন খুলনা জেলার বিপুল পরিমাণ সরকারি জমি বছরের পর বছর ধরে দখল হয়ে আছে। দীর্ঘদিন ধরে কার্যকর উচ্ছেদ অভিযান না হওয়া এবং তদারকির ঘাটতির কারণে রেলের পতিত ও অব্যবহৃত জমিগুলো এখন বিভিন্ন প্রভাবশালী মহলের বাণিজ্যিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে নতুন করে আরও বহু অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। রাতারাতি দোকানপাট, মার্কেট, কলোনি ও অন্যান্য বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করে জমি দখলের ঘটনা বেড়েছে।

রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ ও স্থানীয় কানুনগো কার্যালয়ের তথ্য অনুযায়ী, রূপসা থেকে ফুলতলা পর্যন্ত এলাকায় রেলওয়ের মোট জমির পরিমাণ ১৪ হাজার ১৩৩ একর। এর মধ্যে রেলস্টেশন, কারিগরি ও নিজস্ব কাজে ব্যবহৃত হচ্ছে ৪৬৪ দশমিক ৪০ একর জমি। বাণিজ্যিক ইজারা দেওয়া হয়েছে ১৬ দশমিক ৮৯ একর, কৃষি ও জলাশয় হিসেবে রয়েছে ২১৬ দশমিক ৪০ একর জমি। এছাড়া ৬১৫ দশমিক ৮২ একর জমি অব্যবহৃত ও পতিত অবস্থায় রয়েছে। রেলওয়ের হিসাব অনুযায়ী ৭৬ দশমিক ০৫ একর জমি অবৈধ দখলে থাকলেও স্থানীয়দের দাবি, বাস্তবে দখলকৃত জমির পরিমাণ আরও অনেক বেশি।

সরেজমিনে দেখা গেছে, খুলনা মহানগরী ও আশপাশের এলাকায় মূলত তিনটি উপায়ে রেলের জমি দখল করা হচ্ছে। প্রথমত, রাজনৈতিক নেতা ও প্রভাবশালীরা অবৈধভাবে বাণিজ্যিক মার্কেট ও দোকানপাট নির্মাণ করছেন। দ্বিতীয়ত, আবাসিক প্লট তৈরি করে বিক্রি করা হচ্ছে। তৃতীয়ত, পুকুর ও জলাশয় দখল করে মাছ চাষ কিংবা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে।

নগরীর পাওয়ার হাউস মোড়ে কুখ্যাত এরশাদ শিকদারের ভাঙা ‘সাদ মনি মার্কেট’-এর জায়গায় নতুন করে মার্কেট নির্মাণের চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া পুরাতন রেলস্টেশনের সামনে সেনাবাহিনীর মালামাল নামানোর পরিত্যক্ত স্থানে অন্তত ১২টি নতুন পাকা দোকান নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে। নগরীর ৬ নম্বর ঘাট এলাকায় কেসিসির পার্ক সংলগ্ন স্থানে অর্ধশতাধিক বাণিজ্যিক স্থাপনা গড়ে উঠেছে।

অন্যদিকে, জোড়াগেটের মন্টুর কলোনি এলাকায় রেলের জমি অবৈধভাবে প্লট আকারে ভাগ করে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। রেলওয়ে কলোনির অভ্যন্তরে থাকা কয়েকটি পুকুরও দখল করে মাছ চাষ করা হচ্ছে। অনেক ক্ষেত্রে আবর্জনা ফেলে জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কানুনগো কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী আর্থিক সুবিধা গ্রহণের মাধ্যমে দখলদারদের নির্মাণকাজে পরোক্ষ সহায়তা করছেন। ফলে বারবার অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল) পাকশী বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, “অবৈধ দখলদারদের চিহ্নিত করে পর্যায়ক্রমে নোটিশ দেওয়া হচ্ছে। ২০২৪ সালের শেষ দিকে মন্ত্রণালয় থেকে কঠোর নির্দেশনা দেওয়া হলেও স্থানীয় বিভিন্ন জটিলতার কারণে উচ্ছেদ কার্যক্রম পুরোপুরি সফল হয়নি। তবে সরকারের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে।”

রেলওয়ের বিপুল পরিমাণ জমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকায় সরকারি সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট মহলের মতে, দ্রুত ও কার্যকর উচ্ছেদ অভিযান পরিচালনার পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে রেলওয়ের অবশিষ্ট জমিও দখলমুক্ত রাখা কঠিন হয়ে পড়বে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ