পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রের পাশে ময়লা-আবর্জনার বিশাল স্তুপ
মোহাম্মদ আজিজুল ইসলাম কুলাউড়া উপজেলা প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনার বিশাল স্তুপ জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের একেবারে পাশেই এমন অস্বাস্থ্যকর পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, উপস্বাস্থ্য কেন্দ্রের সংলগ্ন খোলা জায়গাজুড়ে প্লাস্টিক, পলিথিন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মোড়কসহ বিভিন্ন ধরনের বর্জ্যের স্তূপ জমে রয়েছে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি মাছি-মশার উপদ্রবও বেড়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী, শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে আবর্জনা অপসারণের কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। স্বাস্থ্যসেবা কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থানের পাশে এমন বর্জ্যের স্তুপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তুলেছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে ময়লা-আবর্জনা অপসারণ করে স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হোক। একই সঙ্গে স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তারা।
প্রশ্ন একটাই— স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পাশেই যদি এমন পরিবেশ থাকে, তাহলে জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে কীভাবে?