মাধাইখামার নদীতে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব, হুমকির মুখে আবাদি জমি ও পরিবেশ
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মাধাইখামার নদীতে চলছে অবাধে বালু উত্তোলনের মহোৎসব। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে বালু উত্তোলন করা হলেও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে তা বন্ধ করা সম্ভব হচ্ছে না। ফলে একদিকে যেমন সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব, অন্যদিকে নদীভাঙনের কারণে হুমকির মুখে পড়েছে এলাকার কৃষিজমি ও পরিবেশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধাইখামার নদীর বিভিন্ন পয়েন্টে নিয়মিতভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর মাঝখানে ড্রেজার মেশিন স্থাপন করে স্থানীয় ইমরান নামে এক যুবকের নেতৃত্বে বালু উত্তোলনের কাজ চলছে। উত্তোলিত বালু ট্রাক ও অন্যান্য যানবাহনের মাধ্যমে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে।
এলাকাবাসীর দাবি, অবৈধভাবে উত্তোলিত এসব বালু বিক্রি করে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতিদিন লক্ষাধিক টাকা আয় করছেন। অথচ সরকারি অনুমোদন ও রাজস্ব ছাড়াই পরিচালিত এসব কার্যক্রমের কারণে রাষ্ট্র হারাচ্ছে বিপুল পরিমাণ অর্থ।
স্থাvনীয় কৃষক ও বাসিন্দারা জানান, অপরিকল্পিত ও অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। নদীর তলদেশ গভীর হয়ে যাওয়ায় তীরভাঙনের ঝুঁকি বেড়েছে। ইতোমধ্যে নদীর পাড়ের বেশ কিছু আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে বলে অভিযোগ করেন তারা। এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বিস্তীর্ণ ফসলি জমি নদীতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, বিষয়টি একাধিকবার উপজেলা প্রশাসনকে অবহিত করা হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে অবৈধ বালু উত্তোলনকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, “অবৈধ বালু উত্তোলন রোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসীর দাবি, পরিবেশ ও কৃষিজমি রক্ষার স্বার্থে অবিলম্বে মাধাইখামার নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।