কটিয়াদীতে পারিবারিক কলহে ধারালো অস্ত্রের আঘাত, নারীসহ আহত ৩: এলাকায় উত্তেজনা
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর ফেকামারা গ্রামে পারিবারিক কলহের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নারীসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। আজ ০২ জুন ২০২৬, মঙ্গলবার দুপুর ১:৩০ ঘটিকার সময় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন— উত্তর ফেকামারা গ্রামের মতিউর রহমানের ছেলে সিদ্দিকুর রহমান বাচ্চু (৪৫), হাজী মহিউদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন এবং কুড়িগাই গ্রামের মজিবুর রহমানের মেয়ে শ্রাবন্তী (১৭)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা পারিবারিক বিরোধের জেরে দুপুরে একই এলাকার সবুজ (৪০), ফয়সাল (৩০), বকুল, সাইফুল, রমিজ ও উজ্জ্বলসহ বেশ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র (দা, ছুরি) নিয়ে ভিকটিমদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে উল্লেখিত ৩ জন গুরুতর রক্তাক্ত জখম হন।
চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সুফিয়া খাতুন ও শ্রাবন্তীকে চিকিৎসা দেওয়া হলেও সিদ্দিকুর রহমান বাচ্চুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ঘটনার পর থেকে উত্তর ফেকামারা গ্রাম ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।