নিরাপদ কটিয়াদী গড়তে অঙ্গীকারবদ্ধ ওসি রফিকুল ইসলাম
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানাকে অপরাধমুক্ত, শান্ত ও নিরাপদ হিসেবে গড়ে তুলতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
যোগদানের পর থেকেই তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, জুয়া ও দালালের দৌরাত্ম্য বন্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।
কটিয়াদী থানাকে একটি আদর্শ ও সেবাগ্রাহী-বান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।
ওসি রফিকুল ইসলাম জানান, কটিয়াদীতে কোনো ধরনের অপরাধীর ঠাঁই হবে না। বিশেষ করে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। উপজেলার চিহ্নিত মাদক স্পটগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা। সন্ধ্যার পর অপ্রয়োজনে কিশোর-তরুণদের আড্ডা বন্ধে কঠোর নজরদারি।সাধারণ মানুষ যাতে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি পুলিশের সেবা পায়, তা নিশ্চিত করায় হচ্ছে আমার লক্ষ্য।
সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থানার দরজা
ওসি রফিকুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকেই সাধারণ মানুষের মাঝে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, "থানা হবে সাধারণ মানুষের নিরাপদ আশ্রয়স্থল। জিডি বা অভিযোগ করতে এসে কাউকে কোনো হয়রানির শিকার হতে হবে না।"
"পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। কটিয়াদী উপজেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। একটি নিরাপদ ও শান্ত কটিয়াদী গড়তে আমি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করি।"
যোগদানের অল্প সময়ের মধ্যেই তার ব্যতিক্রমী উদ্যোগ এবং বিচক্ষণ কার্যকলাপে কটিয়াদীর সুশীল সমাজ, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া জেগেছে। স্থানীয়রা আশা প্রকাশ করছেন, ওসি রফিকুল ইসলামের দূরদর্শী নেতৃত্বে কটিয়াদী উপজেলা একটি শান্ত ও নিরাপদ জনপদে পরিণত হবে।