ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান শুরু
জামাল উদ্দিন,স্টাফ রিপোর্টার
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে কিশোরগঞ্জে ব্যাপক পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল ১১টায় জেলা শহরের ঐতিহাসিক রথখলা মাঠে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, জেলা পরিষদ ও কিশোরগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলামসহ জেলা প্রশাসন ও স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বক্তারা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় মশার প্রজননস্থল ধ্বংস, আবর্জনা অপসারণ, নালা-নর্দমা পরিষ্কার এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
আয়োজকরা জানান, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার পাশাপাশি ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের বিস্তার রোধে এ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে এ কর্মসূচিতে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।