দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন ; নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রতিশ্রুতি
আবু হানিফ, স্টাফ রিপোর্টের পাকুন্দিয়া , কিশোরগঞ্জঃ
টানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন মাননীয় স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। বুধবার সকাল ১০টার দিকে ২৭,০৫,২৬ইং তারিখে এ আকস্মিক পরিদর্শনে হাসপাতালজুড়ে সৃষ্টি হয় ব্যাপক কর্মচাঞ্চল্য।
পরিদর্শনকালে স্বাস্থ্য মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, রোগীদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ব্যবস্থা এবং সার্বিক স্বাস্থ্যসেবার মান ঘুরে ঘুরে পরিদর্শন করেন। তিনি চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস এবং পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. পুনম। এছাড়াও পাকুন্দিয়া উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রবল বর্ষণ উপেক্ষা করে স্বাস্থ্য মন্ত্রীর এ আকস্মিক পরিদর্শন স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয়দের মতে, এ ধরনের নিয়মিত তদারকি ও সরেজমিন পরিদর্শনের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা লাভ করবে।
পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও কার্যক্রমও পর্যবেক্ষণ করা হয়। হাসপাতালের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন, সেবাবান্ধব ও রোগীবান্ধব রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্য মন্ত্রী।