গেজেটভুক্ত বনভূমিতে সেগুন নিধনের অভিযোগ, নীরব বন বিভাগ
এস এম কামরুজ্জামান,গাজীপুর সদর উপজেলা প্রতিনিধি: গাজীপুরের ভবানীপুর ফরিদ মার্কেটের দক্ষিণ পাশে সি এস ১০৬৫ দাগভুক্ত গেজেটভুক্ত বনভূমি থেকে প্রায় ১৫টি মোটা সেগুন গাছ কেটে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় নজরুল মাস্টারের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, দিনের পর দিন প্রকাশ্যে বনভূমি উজাড় হলেও রহস্যজনক কারণে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট বন বিভাগ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র বন বিভাগের নাকের ডগায় সরকারি বনভূমির গাছ কেটে বিক্রি করে আসছে। সম্প্রতি ভবানীপুর ফরিদ মার্কেট সংলগ্ন গেজেটভুক্ত বনাঞ্চল থেকে মূল্যবান সেগুন গাছ কেটে সরিয়ে নেওয়া হলেও বন বিভাগের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অভিযান পরিচালনা করা হয়নি। এতে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি ভবানীপুর বিট অফিসে একাধিকবার জানানো হলেও রহস্যজনক নীরবতা পালন করছেন দায়িত্বরত কর্মকর্তারা। ফলে বন ধ্বংসের সাথে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা জড়িত কিনা—সেই প্রশ্নও উঠতে শুরু করেছে জনমনে।
পরিবেশ সচেতন মহল বলছে, গেজেটভুক্ত বনভূমি থেকে এভাবে নির্বিচারে গাছ কাটা শুধু পরিবেশের জন্য হুমকি নয়, এটি রাষ্ট্রীয় সম্পদ লুটের শামিল। দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ভবানীপুর বিট অফিসের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।