প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জুলাই আন্দোলনের নেতা শিশির
সামরুল হক, স্টাফ রিপোর্টার :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক নুর এমপি মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মেরুর চর গ্রামের কৃতি সন্তান এবং জুলাই আন্দোলনের অন্যতম তরুণ নেতা মোঃ শিশির আহাম্মেদ নিশান।
সোমবার (১৮ মে ২০২৬) দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকালে দেশের সমসাময়িক পরিস্থিতি, তরুণ সমাজের উন্নয়ন, ছাত্ররাজনীতি এবং দক্ষ মানবসম্পদ বিদেশে প্রেরণের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা গেছে।
শিশির আহাম্মেদ নিশান জানান, দেশের অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। এ বিষয়ে মাননীয় প্রতিমন্ত্রীর সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, শিশির আহাম্মেদ নিশান বকশীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তার মেয়াদ শেষ হওয়ায় তিনি পুনরায় সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। ছাত্রদের অধিকার আদায়, বিভিন্ন সমস্যা সমাধান এবং সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি দীর্ঘদিন ধরে ছাত্রসমাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডেও শিশিরের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তরুণদের মাঝে নেতৃত্ব ও সচেতনতা তৈরিতে কাজ করেছেন বলেও স্থানীয় সূত্রে জানা যায়।
এদিকে, প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের খবর ছড়িয়ে পড়লে এলাকায় নানা মহলে ইতিবাচক আলোচনা সৃষ্টি হয়। স্থানীয়রা মনে করছেন, তরুণ নেতৃত্বের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।