কটিয়াদী কেন্দ্রীয় স্মৃতি সৌধ এখন কুকুরের আবাসস্থল: নেই তদারকি, ক্ষুব্ধ সচেতন মহল
কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধি,
যাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এ দেশ, সেই বীর শহীদদের স্মরণে নির্মিত কটিয়াদী কেন্দ্রীয় স্মৃতি সৌধটি এখন চরম অবহেলা ও অযত্নে পড়ে আছে।
যথাযথ রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে স্মৃতি সৌধ প্রাঙ্গণ এখন পরিণত হয়েছে বেওয়ারিশ কুকুরের আবাসস্থলে। এতে স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্মৃতি সৌধের মূল বেদি থেকে শুরু করে চত্বরের বিভিন্ন অংশে দিন-রাত কুকুরের বিচরণ থাকছে। এমনকি মূল বেদির ওপর কুকুরের ঘুমিয়ে থাকার দৃশ্য এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এছাড়া প্রাঙ্গণের যত্রতত্র ময়লা-আবর্জনা এবং ভবঘুরেদের আড্ডায় স্থাপনাটির পবিত্রতা ও গাম্ভীর্য নষ্ট হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, প্রতি বছর ১৬ ডিসেম্বর বা ২৬ মার্চের মতো বিশেষ দিনগুলো এলে তড়িঘড়ি করে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়। কিন্তু বছরের বাকি সময় এটি অরক্ষিত অবস্থায় পড়ে থাকে। সীমানা প্রাচীর বা কার্যকর নিরাপত্তা ব্যবস্থা না থাকায় গবাদি পশু ও কুকুরের অবাধ বিচরণ থামানো যাচ্ছে না।
ক্ষোভ প্রকাশ করে স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী ও সামাজিক ব্যক্তিত্ব জানান, "স্মৃতি সৌধ আমাদের জাতীয় চেতনার প্রতীক। কিন্তু কটিয়াদী কেন্দ্রীয় স্মৃতি সৌধের এই বেহাল দশা আমাদের জন্য লজ্জাজনক। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই আজ শহীদদের স্মৃতিবিজড়িত এই স্থানটি কুকুরের আস্তানায় পরিণত হয়েছে।"
এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে স্মৃতি সৌধ প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করা এবং এর পবিত্রতা রক্ষায় স্থায়ী তদারকির দাবি জানিয়েছেন।