পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
এসকে এম মহসিন রেজা, উপজেলা প্রতিনিধি (খুলনা)
খলনার পাইকগাছা উপজেলা ৯নং চাঁদখালী ইউনিয়নের কৈয়াসিটিবুনিয়া গ্রামে চিংড়ি মাছের ঘেরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমান মোড়ল (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মে) সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমান মোড়ল উপজেলার গজালিয়া গ্রামের জিবা মোড়লের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৈয়াসিটিবুনিয়া গ্রামের ইকবল হাজীর চিংড়ি মাছের ঘেরে মজুরি চুক্তিতে জাল দিয়ে মাছ ধরার কাজ করছিলেন ইমান মোড়ল। ঘেরের বাসায় রাতে বাল্ব জ্বালানোর জন্য বাঁশের খুঁটির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। কাজের একপর্যায়ে ঘেরের বেড়িবাঁধ থেকে পা পিছলে পড়ে গিয়ে ওই বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।
এতে ঘটনাস্থলেই গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন।পরে ঘেরে থাকা অন্যান্য শ্রমিক ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১২টা ২৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মৃত্যুর খাবরে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সজন ও স্থানীয়দের মাধ্যমে জানা গেছে,হাসপাতাল থেকে মরদেহ নিজ বাড়ি গজালিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।