দ্বিতীয় দিন শেষে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্সে যবিপ্রবি'র পাঁচ স্বর্ণ জয়
মাহফুজুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দুইদিনব্যাপী (৪–৫ মে) আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এর দ্বিতীয় দিন শেষে পাঁচটি স্বর্ণপদক জিতে চমক দেখিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। প্রতিযোগিতায় যবিপ্রবির ছেলে দল যৌথভাবে দ্বিতীয় এবং মেয়ে দল দ্বিতীয় স্থান অর্জন করেছে।
ছেলেদের ইভেন্টে যবিপ্রবির সাফল্য ছিল সবচেয়ে উজ্জ্বল। ৪০০ মিটার দৌড়ে স্বর্ণ, ৪০০ মিটার হার্ডেলসে রৌপ্য এবং ৮০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক অর্জন করেন শাহরিয়ার আহমেদ। ২০০ মিটার দৌড়ে স্বর্ণ এবং ১০০ মিটার দৌড়ে রৌপ্য পদক লাভ করেন মারুফ হাসান শাওন। দীর্ঘ লাফে স্বর্ণ ও ১০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক অর্জন করেন সৌরভ বিশ্বাস। বর্শা নিক্ষেপে স্বর্ণ পদক অর্জন করেন আলী আহমেদ।
এছাড়া দীর্ঘ লাফে স্বর্ণ এবং ২০০ মিটার দৌড়ে রৌপ্য পদক অর্জন করেন সামিয়া আক্তার সাথী। এ পাঁচজনের পারফরম্যান্সে যবিপ্রবির স্বর্ণপদকের সংখ্যা দাঁড়ায় পাঁচে।
অন্যদিকে রহমত আলী চাকতি নিক্ষেপে রৌপ্য এবং রবিন দীর্ঘ লাফে রৌপ্য পদক অর্জন করেন। দলগত ইভেন্টে ৪×১০০ মিটার রিলেতে সৌরভ, মামুন, রবিন ও মারুফ রৌপ্য পদক এবং ৪×৪০০ মিটার রিলেতে কাবির, সাব্বির, মারুফ ও শাহরিয়ার ব্রোঞ্জ পদক অর্জন করেন। ছেলেদের মোট পয়েন্ট ছিল ৪৩।
মেয়েদের ইভেন্টেও যবিপ্রবি দারুণ নৈপুণ্য দেখিয়েছে। ১০০ মিটার হার্ডেলস ও উচ্চ লাফে রৌপ্য এবং দীর্ঘ লাফে ব্রোঞ্জ পদক অর্জন করেন আঁখি সুলতানা সাথী। বর্ষা নিক্ষেপে রৌপ্য ও গোলক নিক্ষেপে ব্রোঞ্জ পদক লাভ করেন আইভি আক্তার। অন্তিকা ৪০০ মিটার দৌড়ে রৌপ্য পদক অর্জন করেন।
দলগত ইভেন্টে ৪×১০০ মিটার রিলেতে ফাওজিয়া, সোনিয়া, আঁখি ও সামিয়া এবং ৪×৪০০ মিটার রিলেতে সামিয়া, আঁখি, অন্তিকা ও সোনিয়া রৌপ্য পদক অর্জন করেন। মেয়েদের মোট পয়েন্ট ছিল ৩৪।
যবিপ্রবির অ্যাথলেটিক্স দলের কোচ ও শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ হেল কাফি বলেন, “আমাদের ছাত্র ও ছাত্রী উভয় দলই রানারআপ হয়েছে। যদিও ছাত্রদের কাছ থেকে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা ছিল, তবুও এই অর্জন আমাদের জন্য বড় সাফল্য। ভবিষ্যতে আরও ভালো করার জন্য আমরা কাজ করে যাব।”
উল্লেখ্য, প্রতিযোগিতায় সম্মিলিতভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছেলে দল প্রথম স্থান অর্জন করেছে। যবিপ্রবি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যৌথভাবে ৪৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। মেয়েদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম এবং যবিপ্রবি দ্বিতীয় স্থান অর্জন করেছে।