অষ্টগ্রাম হাওরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমানের পরিদর্শন
মোঃঝুটন মিয়া(অষ্টগ্রাম) কিশোরগঞ্জ।
হাওরাঞ্চলে টানা অতিবৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে সরকার। মঙ্গলবার (৫ মে) দুপুরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান এই ঘোষণা দেন।
পরিদর্শনকালে সচিব স্থানীয় কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় স্থানীয় চেয়ারম্যান জনাব সৈয়দ ফাইয়াজ হাসান বাবু কৃষকদের পক্ষে কয়েকটি দাবি তুলে ধরেন, আমারা হাওরবাসী একটি মাত্রা বোর ফসলের উপর নির্ভরশীল তাই হাওরাঞ্চলের জন্য স্বল্পমেয়াদী ও অধিক ফলনশীল বীজ সরবরাহ নিশ্চিত করা (যেন চৈত্রের মাঝামাঝি সময়েই ধান কাটা যায়)। হাওরাঞ্চলকে 'দুর্যোগপূর্ণ এলাকা' ঘোষণা করা।হাওরের নদী-নালা ও খালবিল দ্রুত পুনঃখননের ব্যবস্থা করা। ধান ক্রয়ের বিষয়ে হাওরাঞ্চলের জন্য সরকারি সর্থ কিছুটা শিথিল করা যেন কৃষক সহজে ধান দিতে পারে।
সচিব জানান, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় আগামী তিন মাস ব্যাপী মানবিক ও আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালিত হবে। বিশেষ কার্ডের মাধ্যমে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার আগামী তিন মাস প্রতি মাসে ২০ কেজি করে চাল পাবে। সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত কৃষক পাবে ৭,৫০০ টাকা।মধ্যম ক্ষতিগ্রস্ত ৫,০০০ টাকা। স্বল্প ক্ষতিগ্রস্ত ২,৫০০ টাকা।
সচিব সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরাই যেন এই তালিকার আওতায় আসেন তা নিশ্চিত করতে হবে। কোনোভাবেই যেন তালিকার স্বচ্ছতা ক্ষুণ্ণ না হয়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাঠ পর্যায়ে দ্রুত যাচাই-বাছাই শেষ করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করার কাজ চলছে। পরিদর্শনকালে জেলা ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অষ্টগ্রাম পরিদর্শন শেষে সচিব মিঠামইন ও ইটনা হাওরের উদ্দেশ্যে রওনা হন।