কুষ্টিয়ায় পল্লী চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদ, গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন
নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার দৌলতপুরে পল্লী চিকিৎসক জাহাঙ্গীর আলমকে সন্ত্রাসী হামলায় কুপিয়ে জখম ও টাকা ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার আল্লারদর্গা জয়ভোগা এলাকায় এই মানববন্ধন করে এলাকাবাসীসহ পল্লী চিকিৎসকরা।
মানববন্ধনে দৌলতপুর উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি সাইফুল ইসলাম শাহীন বলেন, আমাদের সমিতির সদস্য পল্লী চিকিৎসক জাহাঙ্গীর আলমের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। আমরা আসামিদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। দাবি পূরণ না হলে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।
সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো: সুমন আলী বলেন, “পল্লী চিকিৎসক জাহাঙ্গীর একজন ভালো মানুষ। রাতে আঁধারে তার ওপর যে হত্যাচেষ্টা চালানো হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এদিকে পল্লী চিকিৎসক আবু সাঈদ অভিযোগ করে বলেন, ঘটনার পরও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের হুমকি দিচ্ছে। মামলা হলেও পুলিশ এখনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, যা উদ্বেগজনক।
উল্লেখ্য, এরআগে ২৮ এপ্রিল রাতে উপজেলার আল্লারদর্গা বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে জয়ভোগা চাররাস্তার মোড়ে দুর্বৃত্তদের হামলা চালিয়ে জাহাঙ্গীর আলম নামে এক পল্লী চিকিৎসককে গুরুত্বর জখম করে। এ ঘটনায় পল্লী চিকিৎসক জাহাঙ্গীরের ভাই আবু সাঈদ বাদী হয়ে ১মে দৌলতপুর থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আহতরা জাহাঙ্গীর আল্লারদর্গা ইউনিয়নের জয়ভোগা গ্রামের ডাক্তার মো. মৃত ফজলুল হকের ছেলে।