রূপগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
মোঃ ইসমাইল হোসেন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় মাদকদ্রব্যের ব্যবহার ও পাচার রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) জুমার নামাজের পর আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি মাহনার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং অংশগ্রহণকারীরা মাদকবিরোধী নানা স্লোগানে এলাকাজুড়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদকদ্রব্য যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা সুমন সোহেন। তিনি বলেন, “মাদক আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়।”
বক্তারা আরও বলেন, নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের মাধ্যমে মাদক ব্যবহারের প্রবণতা কমানো সম্ভব এবং একটি সুস্থ, সুন্দর সমাজ গড়ে তোলা যাবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।